জল মাঙা ব্রত
জল মাঙা ব্রত সম্পর্কে আমি আমার মায়ের কাছে শুনেছিলাম। বৃষ্টি না হলে গ্রামে এই ব্রত পালন করা হতো। একটি চালনের ওপরে কলার পাতা পেতে দিয়ে ঘট, কচ্ছপের খোল, তেল, সিঁদুর ইত্যাদি রেখে। তারপর সেই চালন মাথায় নিয়ে গান গাইতে গাইতে গ্রামের বাড়ি বাড়ি যাওয়া হত। গ্রামে খড় বা টিনের চালে জল ঢেলে দেওয়া হতো। সেই জল চালনের ওপরে পড়তো। চাল এবং অর্থ দান করা হতো। তিন দিন ধরে এই ব্রত পালন করা হতো। ব্রত পালন শেষ হতো কীর্তন উৎসবের মাধ্যমে। ব্রত পালনকারীদের বিশ্বাস ছিলো যে এই ব্রত পালন করার পরে বৃষ্টি নামবে।
জল মাঙা ব্রতের গানঃ
ওগো মেঘারাণী
শাক দিয়ে ফেলা পানি
শাকে বড় গন্ধ
ভুইতে পড়ুক খন্দ
বোরো ভুইয়ের আলি
মেঘ করেছে কালি
কালা মেঘা ধলা মেঘা
তোমরা দুটি ভাই
আমাদের একটু জল দাও
ধানের ভাত খাই
চিনের ভাত মিনে মিনে
কৌনির ভাতে ছাই
মালক্ষী জল দাও
ধানের ভাত খাই

Comments
Post a Comment